Advertisement

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ আটক ৪ জন জব্দ ট্রাক ও বোট

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাচারের প্রস্তুতিকালে ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক এবং পাচারের কাজে নিয়োজিত একটি বড় ফিশিং বোট জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশনের মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালীর অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং একই জেলার নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)। স্থানীয়রা ঘাট এলাকায় মৎস্য বোটে সার তোলার দৃশ্য দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই চক্রকে হাতেনাতে আটক করে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নৌ-পথ ব্যবহার করে মিয়ানমারে সারসহ বিভিন্ন পণ্য পাচার করে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা আরও জানান, ফেরার পথে এই চক্রটি মিয়ানমার থেকে মাদকের চালান ভোলায় নিয়ে আসে। স্থানীয় কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, কৃষি বিভাগ এ বিষয়ে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সারের উৎস ও গন্তব্য নিশ্চিত করতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত সার ও পরিবহনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী পাচারের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%