ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইল: জামালপুরে গ্রেপ্তার কলেজছাত্র

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভারতের এক তরুণীকে ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান মেহেদী নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযুক্ত ১৯ বছর বয়সী মেহেদী উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এবং স্থানীয় এ কে এম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় বুধবার তাকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে ভারতের মুর্শিদাবাদ জেলার সূতী থানার ধূলি গ্রামের ওই তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে গত ৬ জুলাই থেকে তরুণী যোগাযোগ বিচ্ছিন্ন করলে মেহেদী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর তিনি ওই তরুণীর ব্যক্তিগত ও সংবেদনশীল ছবি এবং ভিডিও তার পরিবারের সদস্যদের কাছে পাঠানোর হুমকি দেন এবং একপর্যায়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে দেন।
ভুক্তভোগী তরুণীর আইনজীবী ভাই ভারতের সূতী থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি ও প্রয়োজনীয় ডিজিটাল তথ্য-প্রমাণ ই-মেইলের মাধ্যমে জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে প্রেরণ করা হয়। গত ১৭ জুলাই অভিযোগটি পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে।
তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে অভিযুক্ত মেহেদীকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা সাইবার নিরাপত্তা মামলায় বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় ওই তরুণীর পরিবার ও স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
