AdvertisementAdvertisement

ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী হত্যার ১০ দিন পর দাফন সম্পন্ন, ঘাতক শনাক্তে মরিয়া পুলিশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হওয়া কাস্টমস সিপাহী আবু রায়হান তালুকদারের মরদেহ সোমবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মা রাহেলা খাতুনের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট দপ্তরে কর্মরত আবু রায়হান পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে গ্রামের বাড়িতে আসতেন। গত ২৩ জুলাই কর্মস্থল থেকে ফেরার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার ১০ দিন পর তার বাড়ির পাশের একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভেতরে অত্যন্ত নির্মমভাবে খণ্ডিত অবস্থায় তার লাশ পাওয়া যায়। খুনিরা নিহতের হাত, পা ও মস্তকসহ শরীরকে মোট ১৫ টুকরো করে ফেলেছে বলে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু রায়হানের আধুনিক ডুপ্লেক্স বাড়ি ও কৃষি বাগান দেখাশোনার জন্য রাজু নামের এক কিশোরকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে ওই কেয়ারটেকার এবং তার বন্ধু জিতুল পলাতক রয়েছে। স্থানীয়দের দাবি, রাজু ও জিতুল উভয়ই মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে রাজুর পরিবারের সদস্যরাও ঘর তালাবদ্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবু রায়হানকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশের জব্দ করা আলামতের মধ্যে রয়েছে তার ব্যবহৃত একটি পাঞ্জাবি, বালিশের কভার ও রক্তমাখা কিছু বস্তু, যা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের না হলেও পুলিশের প্রাথমিক ধারণা, কেয়ারটেকার রাজুসহ একাধিক ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। রহস্য উদঘাটনে রাজুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নিহত আবু রায়হানের স্বজন ও এলাকাবাসী এ পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে পলাতক রাজুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%