মনোহরদীতে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী নেতার বিরুদ্ধে ভুক্তভোগীদের বিক্ষোভ

নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক ও স্থানীয় বিএনপি নেতা আলম হোসেনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার দুপুরে উপজেলার শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে বিক্ষুব্ধ সদস্যরা টাকা ফেরত ও অভিযুক্তের বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় সাধারণ মানুষকে সমিতির সদস্য হতে উদ্বুদ্ধ করেছিলেন। বর্তমানে সমিতির প্রায় ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা হলেও গত তিন বছর ধরে তারা কোনো লভ্যাংশ পাননি। গ্রাহকরা নিজেদের জমানো টাকা ফেরত চাইলে তাদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হয় বলে ভুক্তভোগীরা জানান।
ভুক্তভোগী গ্রাহকদের ভাষ্যমতে, জীবনের শেষ সঞ্চয়টুকু সমিতিতে গচ্ছিত রেখে এখন তারা চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছেন। অনেক পরিবারে সঞ্চয় হারানোর ফলে পারিবারিক অশান্তি ও বিপর্যয় নেমে এসেছে। কয়েকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন উপস্থিত গ্রাহকরা। মানববন্ধনে শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া ও মাহমুদা বেগমসহ শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ ঘটনায় ভুক্তভোগীরা অবিলম্বে টাকা ফেরতসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
