ঈশ্বরদীতে মুদি দোকানে চুরি করতে গিয়ে জনতার পিটুনিতে যুবক নিহত আহত ৩

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় গভীর রাতে মুদি দোকানে চুরির চেষ্টাকালে স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাত প্রায় ১টার দিকে সংঘটিত এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক হবিবুল ইসলাম ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গভীর রাতে চুরির উদ্দেশ্যে হবিবুল ইসলামের দোকানে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই পরিবার নিয়ে বসবাসকারী হবিবুল শব্দ শুনে বেরিয়ে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সুমন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হবিবুল এবং তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
দোকানি ও তার স্বজনদের আর্তচিৎকারে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করেন। উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। নিহত সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।
আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলে বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
