AdvertisementAdvertisement

কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে ভয়াবহ লিকেজ আতঙ্কে এলাকাবাসী

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ভয়াবহ লিকেজের ঘটনা ঘটেছে। নদীর পানির উপরিভাগে সারাক্ষণ গ্যাসের বুদবুদ উঠতে দেখা যাচ্ছে এবং চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে স্থাপিত একটি চুন তৈরির কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপচেষ্টার সময় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন দশক আগে নরসিংদী থেকে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইনটি স্থাপন করা হয়েছিল। সম্প্রতি পাইপলাইনের একটি ওয়েল্ডিং জয়েন্টে বড় ধরনের ছিদ্র তৈরি হওয়ায় উচ্চচাপে গ্যাস বের হতে শুরু করে।

Advertisement
বিজ্ঞাপন

অনুসন্ধানে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল এলাকার দেলোয়ার হোসেন তালুকদার গত জুনের শুরুতে নদীতীরে চুন তৈরির কারখানাটি স্থাপন করেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, জুন মাসের মাঝামাঝি সময়ে রাতের অন্ধকারে কারখানার লোকজন তিতাস গ্যাসের পরিচয় দিয়ে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপনের চেষ্টা চালান। বৃষ্টির কারণে কাজ অসম্পূর্ণ রেখে ফুটো হওয়া অংশটি কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে বুদবুদ ও গ্যাসের তীব্র গন্ধে বিষয়টি জানাজানি হলে কারখানার মালিক ও কর্মচারীরা গা ঢাকা দেন।

ঘটনার পর থেকে তিতাস গ্যাসের ২০ থেকে ২৫ জন কর্মী গত কয়েক সপ্তাহ ধরে পাইপলাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নোমান মিয়া জানান, পানির নিচে ওয়েল্ডিং অংশে বড় ছিদ্র থাকায় মেরামতকাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে লিকেজ নিয়ন্ত্রণে আনার জন্য নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক জানান, বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কারখানাটির বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয় জনমনে গভীর উদ্বেগ বিরাজ করছে। পাইপলাইনের এই লিকেজ থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় এলাকাবাসী দ্রুত মেরামতের পাশাপাশি অবৈধ সংযোগ স্থাপনের চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%