AdvertisementAdvertisement

পুলিশের যানবাহনের নিরাপত্তা জোরদারে সদর দপ্তরের বিশেষ সতর্কতা জারি

দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পহেলা আগস্ট পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক বার্তায় এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় কিংবা ডিউটি শেষে পার্কিংয়ে রাখা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ সব সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিরাপত্তাজনিত কোনো ধরনের শিথিলতা বা অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সদর দপ্তর থেকে সতর্ক করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অপারেশন্স কন্ট্রোল থেকে দেওয়া নির্দেশনায় আরও বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক সংশ্লিষ্ট সদস্যদের তত্ত্বাবধানে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে যানবাহন রেখে একা সরে যাওয়ার সুযোগ নেই।

এছাড়া থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড এবং অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব যানবাহনের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল বৃদ্ধি, নিবিড় নজরদারি এবং সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু শনাক্তে বাড়তি সতর্কতা বজায় রাখতে ইউনিট প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর থেকে সম্ভাব্য হুমকির উৎস বা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম প্রকাশ করা হয়নি। নিরাপত্তাজনিত গোপনীয়তার খাতিরে এ বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো সম্ভব নয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ব্যবস্থার অংশ হিসেবেই এমন নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

0%
0%
0%
0%