সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে ২৫ লাখ টাকার চোরাই গরুসহ নৌকা জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি গরু ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ভোররাতে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীন বাঙালভিটা বিওপির সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে স্টিলবডি নৌকায় করে গরুগুলো দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চোরাচালানকারীরা নৌকা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধারকৃত গবাদি পশুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির টহল ও নজরদারি বর্তমানে জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।