গোবিন্দগঞ্জে সাবস্টেশন নির্মাণে মন্ত্রীর ইতিবাচক সাড়া সংসদ অধিবেশনে স্পিকারের সরস মন্তব্য

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের বিদ্যুৎসংক্রান্ত প্রশ্নের জবাবে এক হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে গোবিন্দগঞ্জের বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরে তিনি স্পিকারের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে সাবস্টেশন নির্মাণের দাবি জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন যে, মন্ত্রী যদি যৌক্তিক উত্তর প্রদান করতে পারেন, তবে তিনিও জান্নাতে স্থান পেতে পারেন।
সংসদ সদস্য শামীম কায়সার লিংকন তার বক্তব্যে উল্লেখ করেন যে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ লাখ ৭০ হাজার ভোটারসহ প্রায় ৬ লাখ মানুষ বসবাস করলেও সেখানে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির কোনো সাবস্টেশন নেই। তিনি আরও জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই এলাকার কোচাশহর হোসিয়ারি শিল্পের প্রায় ২ হাজার ক্ষুদ্র প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার বিষয়টি তুলে ধরে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
সংসদ সদস্যের এই আবেদনের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাস্যরস করে বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন। স্পিকারের এই মন্তব্যে সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
স্পিকারের বক্তব্যের পর উত্তর দিতে দাঁড়িয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ রসিকতা করে বলেন, মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। তিনি আরও জানান যে, সেই এলাকায় তার নানাশ্বশুরের বাড়ি রয়েছে, তাই গোবিন্দগঞ্জের প্রতি তার বিশেষ আন্তরিকতা ও দায়বদ্ধতা রয়েছে। মন্ত্রী তার বক্তব্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।