বিচ্ছেদের চার বছর পর সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল খালেক (৫০) জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে। এর আগে একই দিন বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করছিলেন। নানা বিষয় নিয়ে সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে মামলা ও হামলার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। সেখানে তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান এবং ইসমাইল মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে জখম করে তাকে মাঠে ফেলে রেখে যান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুর রহমান তপু জানান, রাত ৮টার দিকে শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্নসহ আব্দুল খালেককে হাসপাতালে আনা হয়। তখন তিনি জীবিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে জিনারুল জানান, চার বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হলেও এরপর থেকেই তার মা ও মামারা বাবাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। দেড় মাস আগেও তাকে মারধর করা হয়। সর্বশেষ বাবাকে আহত অবস্থায় মাঠে ফেলে রাখার খবর পেয়ে হাসপাতালে গিয়ে শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার আগেই বাবার মৃত্যু হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বৃহস্পতিবার সকালে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত- হত্যা
০%
০%
০%
০%