খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে ১০ বছরের শিশু ইউসুফ রানা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো. রমজান আলীকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, ২০১৬ সালে খেলার সময় অপর এক শিশুর ডান হাতে ব্যথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ রানাকে ধাওয়া করে আসামিরা। একপর্যায়ে তাকে জঙ্গলে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা সাজদার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ মোট ১১ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলাটির বিচারিক কার্যক্রম চলাকালে বাদীসহ মোট সাতজন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই সঙ্গে অপর আসামিকে খালাস দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।