বিজ্ঞাপন
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া ১৬ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে দিয়ে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগে যৌনপল্লির বাড়িওয়ালি কোহিনূর আক্তারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন রেলস্টেশন শহীদ মিনার এলাকার মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া কিশোরীর ভাষ্য, ভালো বেতনে বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অজ্ঞাতপরিচয় এক নারী গত ১৯ নভেম্বর তাকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসেন। পরে ওই নারী তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাড়িওয়ালি কোহিনূরের কাছে বিক্রি করে দেন। এরপর থেকে কোহিনূর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোর করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেহব্যবসায় বাধ্য করছিলেন।
সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে কিশোরী সেখান থেকে পালিয়ে দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার এলাকায় এসে একটি দোকানে আশ্রয় নেয়। এ সময় সে উদ্ধারের আকুতি জানালে স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত কোহিনূর আক্তারকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ওই কিশোরী যৌনপল্লি থেকে পালানোর চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ তার লোকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে রেলস্টেশন শহীদ মিনারসংলগ্ন এলাকায় মো. দেলোয়ার হোসেনের দোকানে গিয়ে আশ্রয় নেয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, সে ঢাকার সাভার এলাকার একটি পোশাক কারখানায় কাজ করত। তার বাড়ি গাইবান্ধা জেলায়। নারী পাচারকারী চক্রের এক সদস্য গত ১৯ নভেম্বর সাভার থেকে তাকে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসেন। তবে ওই নারীর নাম জানে না কিশোরী, কিন্তু তাকে দেখলে চিনতে পারবে বলে জানিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রইচ মণ্ডলের মেয়ে।