বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলছে সিসা তৈরির কারখানা। একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলেও আবারও শুরু হয়েছে উৎপাদন। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সোনারামপুর এলাকার ওই কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের জনজীবন।
স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে জলাশয়, বায়ুমণ্ডল ও জীববৈচিত্র্য। শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন আশপাশের বাসিন্দারা।
একাধিকবার কারখানার জমির মালিক ও সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ কারবার—এমন অভিযোগও করেছেন স্থানীয়রা।
বাইরে পরিচয়হীন, ভেতরে সিসা উৎপাদন
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই বছর আগে কয়েকজন চীনা নাগরিক সোনারামপুর এলাকায় জায়গা ভাড়া নিয়ে ‘ওয়াই লি ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামে সিসা তৈরির কারখানা গড়ে তোলেন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, ভেতরে কী উৎপাদন হচ্ছে।
নেই কোনো নামফলক, ব্যানার কিংবা প্রতিষ্ঠানের পরিচয়। তবে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে সিসা উৎপাদনের কার্যক্রম।
অভিযানের পরও বন্ধ হয়নি উৎপাদন
এর আগে ২০২৫ সালের ২৭ আগস্ট কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন চীনা নাগরিক ছিলেন।
পরে তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেন। আশুগঞ্জে আর কারখানা চালু হবে না—এমন শর্তে জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ছয় দিনের মাথায় জামিনে বের হন তাঁরা।
অভিযানের পর কিছুদিন কারখানাটি বন্ধ থাকলেও আবারও উৎপাদন শুরু হয়। ফলে আগের মতোই বিষাক্ত ধোঁয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ধোঁয়ায় রোগব্যাধিতে আক্রান্ত বাসিন্দারা
স্থানীয় বাসিন্দা আছিয়া বেগম বলেন, এই কারখানার বিষাক্ত ধোঁয়ায় বাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। ধোঁয়ায় চোখ ও গলা জ্বলে, হাত-মুখে যন্ত্রণা হয়।
কারখানা থেকে দুই-তিন রঙের ধোঁয়া বের হয়—হলুদ, নীল ও কালো। কালো ধোঁয়া বের হলে বেশি কষ্ট হয়। অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তাঁরা।
আরেক বাসিন্দা সুফিয়া খাতুন বলেন, বারবার নিষেধ করেও কোনো লাভ হয়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। দিনের বেলায়ও ধোঁয়া থাকে।
চাপকলের পানিও খেতে পারেন না তাঁরা। গাছপালাও মারা গেছে। পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন।
বিজ্ঞাপন
ছাড়পত্রের আবেদন বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, এই সিসা কারখানা পরিবেশ দূষণ করে আসছে, কিন্তু সেটি দেখার কেউ নেই। যে মালিক কারখানার জায়গা ভাড়া দিয়েছেন, তাকেও আগে আইনের আওতায় আনা উচিত।
কারখানাটির জমির মালিক বুলবুল সিকদারের কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশে ৫০টির বেশি সিসা কারখানা আছে। একটি ছাড়া বাকি কোনো কারখানারই ছাড়পত্র নেই। অন্য কারখানাগুলো চলতে পারলে তাঁর জায়গায় থাকা কারখানাটি চলবে না কেন?
সিসা কারখানার পারচেজ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তাঁদের পরিবেশ ছাড়পত্র এখনো প্রক্রিয়াধীন। তবে সরকারের (বিডার) অনুমতি রয়েছে।
তবে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজিম হোসেন শেখ জানান, কারখানাটি ২০২৪ সালে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
কিন্তু চারটি শ্রেণির মধ্যে কারখানাটি কমলা শ্রেণিভুক্ত হওয়ায় আবেদন বাতিল করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেন, তিনি এখানে নতুন যোগ দিয়েছেন, তাই বিষয়টি সম্পর্কে অবগত নন। জনস্বাস্থ্যের ক্ষতি করে, এমন কোনো কারখানা রাখার পক্ষে তিনি নন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।