জয়পুরহাটের পাঁচবিবিতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেনের বয়স ৭৬ বছর।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার ভোরে দেলোয়ার হোসেন বাড়ির পাশের মাঠে কাজ করতে যান। সেখানে জমির সীমানা নিয়ে ছোট ভাই নবীনুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নবীনুরের হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কুপিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামাতুল্ল্যার ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নিহতের ছেলে রুহুল আমীন বলেন, সকালে তিনিও পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মনসুর তাকে জানান, তার বাবা ও চাচার মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে
দ্রুত বাবার কাছে গিয়ে দেখেন, তার বাবা আহত অবস্থায় পড়ে আছেন এবং চাচা পালিয়ে যাচ্ছেন।
রুহুল আমীন আরও বলেন, বাড়ি থেকে গাড়ি এনে বাবাকে হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি। ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তামবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও একটি কোদাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নবীনুরকেও আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।