Advertisement

ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ সদর উপজেলার মধ্য বাড়েড়া এলাকায় অটোরিকশাচালক নাজিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ, যিনি মধ্য বাড়েড়া এলাকার জয়নালের ছেলে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে তোফায়েল আহমেদ নাসিম ও বাবুল মিয়ার ছেলে শাকিল। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে আরও ছয় মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি রাতে নাজিম উদ্দিনকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় আসামিরা। নিহতের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতকরা পালানোর চেষ্টা করে। সে সময় গ্রামবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে পলাশকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই সহযোগী তোফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে গ্রেপ্তার করা হয়।

নিহত নাজিম উদ্দিনের ছোট ভাই নাসির উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্রাম হোসেন সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা ব্যক্ত করেন। এ ঘটনায় স্থানীয়রাসহ নিহতের পরিবার ন্যায়বিচারের স্বার্থে সাজা দ্রুত কার্যকর ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%