Advertisement

দৌলতখানে তেলের ৭ গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

ভোলার দৌলতখান পৌরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে মেঘনা তীরবর্তী বেড়িবাঁধ সংলগ্ন একটি অবৈধ জ্বালানি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে, যার ফলে মজুতকৃত তেলের সাতটি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা, যা দ্রুত পার্শ্ববর্তী কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

গুদামে মজুতকৃত তেলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকলে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্যমতে, অবৈধ জ্বালানি তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গুদাম থেকে আগুনের উৎপত্তি হয়েছে। ঘটনার আকস্মিকতায় দিশেহারা স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মানুষ আগুন নিয়ন্ত্রণে সহায়তার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতায় প্রচুর পরিমাণ জ্বালানি তেল নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়দের জানমালেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

সংবাদ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবৈধ তেলের গুদামের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%