Advertisement

যমুনা নদীর তীব্র স্রোতে সারিয়াকান্দিতে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার অংশ ধসে পড়েছে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নে যমুনা নদীর প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কবলে পড়ে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার অংশ নদীতে ধসে গেছে। বৃহস্পতিবার ভোররাতে আকস্মিক এই ভাঙনের ফলে স্পারের গোড়ালির মাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে যমুনার পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। স্পারটির উজানে নদীপথে নতুন করে চর জেগে ওঠায় পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। এতে পানির স্রোত সরাসরি স্পারের কান্ট্রি সাইডে আঘাত করায় ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় এবং ভিত্তি দুর্বল হয়ে মাটি ধসে পড়ে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা জানান, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ভাঙনকবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব ফেলার কাজ চলমান রয়েছে যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে স্পারটি রক্ষা করা যায়।

0%
0%
0%
0%