AdvertisementAdvertisement

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

চট্টগ্রামের সীতাকুণ্ড বাইপাস এলাকার মডার্ন হাসপাতালের উত্তর পাশে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আমিরাবাদ গ্রামের জনবসতিতে সূত্রপাত হওয়া এই আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আসবাবপত্র, পরিধেয় বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। প্রাণের ঝুঁকি নিয়ে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও আগুনের তীব্রতায় কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাঙ্গীর আলমের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর ছাড়াও রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাত্তার হোসেন ও মোহছেনা বেগমের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় আগুনের তীব্রতা মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। এতে দূরপাল্লার যাত্রীরা তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হন।

Advertisement
বিজ্ঞাপন

আর্থিকভাবে অসচ্ছল এই পরিবারগুলো এক রাতের ব্যবধানে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি ভিত্তিতে খাদ্য, পোশাক ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ঘরবাড়ি পুনর্নির্মাণে দ্রুত সরকারি সহায়তা প্রদান এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে যথাযথ তদন্তের মাধ্যমে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

0%
0%
0%
0%