AdvertisementAdvertisement

মোংলায় রাতের আঁধারে স্কুলের খেলার মাঠ খুঁড়ে ড্রেন নির্মাণ জনমনে ক্ষোভ

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন খেলার মাঠটিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে ড্রেন তৈরির অভিযোগ উঠেছে। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে গত শুক্রবার ও শনিবার স্থানীয় একটি প্রভাবশালী চক্র মাঠের বিভিন্ন অংশ খনন করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের পূর্বানুমতি না নিয়েই এই খননকাজ চালানো হয়েছে। বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল বাদশা এ ঘটনাকে নজিরবিহীন কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা খানম জানান, সকালে স্কুলে এসে তিনি মাঠের করুণ দশা দেখতে পান, যার সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না।

Advertisement
বিজ্ঞাপন

মাটি কাটার অভিযোগ ওঠা লাভলী মজুমদার দাবি করেছেন, বৃষ্টির পানিতে নিজের বাড়িঘর তলিয়ে যাওয়ায় তিনি পানি নিষ্কাশনের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে পাইপ বসানোর উদ্যোগ নিয়েছিলেন। তবে এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ মৃধা। তিনি স্পষ্ট জানিয়েছেন, পানি নিষ্কাশনের বিষয়ে কথা হলেও মাঠের ভেতর দিয়ে ড্রেন কাটার কোনো ধরনের অনুমতি তিনি প্রদান করেননি।

ঘটনার সত্যতা যাচাইয়ে মঙ্গলবার সকালে গঠিত তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে মাঠ পরিদর্শন করেন এবং সেখানে মাটি কাটার অকাট্য প্রমাণ ও বড় গর্তের আলামত শনাক্ত করেন। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত মাঠটি দ্রুত সংস্কার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%