AdvertisementAdvertisement

ভারত সফরের পাশাপাশি ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লির আমন্ত্রণ

ভারত সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের আয়োজনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের প্রচলিত রীতি অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের এই সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। যেহেতু বর্তমানে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে, সেই সুবাদেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্যমতে, গত ১৪ জুলাই ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র প্রেরণের মধ্য দিয়ে এই আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে, ভারতে নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠককালে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি সফরের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকেও সরকার গঠনের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তবে ব্রিকস সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফরের বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি।

Advertisement
বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ভারত থেকে আসা আমন্ত্রণগুলো পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও স্পষ্ট করেন যে, ব্রিকস থেকে সরাসরি নয় বরং বিমসটেকের চেয়ারপারসন হিসেবে এই আমন্ত্রণটি পাওয়া গেছে। সবদিক বিবেচনা করে সরকার শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।

0%
0%
0%
0%