কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বড়কাছনাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের সন্তান এবং স্থানীয় বড়কাছনাই রিয়াজুল জান্নাহ হাকিমীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে শিশুটি নিখোঁজ হয়। সারাদিন ও রাতজুড়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাননি। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে পুকুর পাড়ে গেলে সাইফুল ইসলাম ছেলের নিথর দেহ পানিতে ভাসতে দেখেন।
সন্তান হারানোর শোকে পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে মাদরাসার সহকারী শিক্ষক জাবেদ হোসেন জানান, অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর শোক বিরাজ করছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে শিশুদের চলাফেরায় অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
