AdvertisementAdvertisement

উজিরপুরের সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার সাতলার লাল শাপলা বিলে নৌকা থেকে পড়ে গিয়ে রাকিবুল ইসলাম (২১) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে প্রাকৃতিকে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এসে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে নৌকায় ভ্রমণের সময় অসাবধানতাবশত রাকিবুল গভীর পানিতে তলিয়ে যান। সহযাত্রী ও স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করে তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয় জনমনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে। প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং পর্যটকদের জলাশয়ে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে লাল শাপলার নয়নাভিরাম দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শনার্থী সাতলার বিলে ভিড় জমান। তবে বিল এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী, সতর্কীকরণ সাইনবোর্ড এবং উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ভবিষ্যতের দুর্ঘটনা রোধে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মী মোতায়েন ও প্রশাসনিক তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%