খাইবার পাখতুনখোয়ায় বন্যা ও ধসে ৬ জনের মৃত্যু এবং ২৬ বাড়ি বিধ্বস্ত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে চলমান মৌসুমী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে এ পর্যন্ত ভারী বর্ষণ ও বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে এবং ছয়জন আহত হয়েছেন। মূলত ঘরবাড়ি ও দেয়াল ধসের ঘটনায় এই হতাহতের ঘটনাগুলো ঘটেছে, যেখানে নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক এই বৃষ্টিপাতে প্রদেশটিতে ২৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সাতটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ১৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পিডিএমএ-র হালনাগাদ প্রতিবেদন অনুসারে, গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত খাইবার পাখতুনখাওয়ার ২৫টি জেলায় বৃষ্টি ও বন্যাজনিত বিভিন্ন ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে এবং আহত হয়েছেন ৩৫ জন। নিহতদের তালিকায় ১৩ জন পুরুষ, তিনজন নারী ও ১৬ জন শিশু রয়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগে জনমালের ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। এখন পর্যন্ত মোট ৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৭টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে ৪৬টি গবাদি পশু প্রাণ হারিয়েছে। দুর্যোগের কবলে পড়া জেলাগুলোর মধ্যে পেশোয়ার, নওশেরা, খাইবার, মারদান, বুনের, বাজাউর, শাংলা, সোয়াবি, চিত্রল, আপার ও লোয়ার দির, অ্যাবোটাবাদ, মানসেহরা, হরিপুর, আপার কোহিস্তান, ট্যাঙ্ক, তোরঘার, কুররাম এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান অন্যতম।

পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, মৌসুমী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ ও নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি আবহাওয়া বার্তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%