চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের অপচেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ ব্যক্তিকে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জেলার দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।
বিজিবি সূত্র জানায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ওই পাঁচজন ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর পাঁয়তারা করছিল। ওই দলে একজন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু ছিল। সীমান্তে দায়িত্বরত বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদের অনুপ্রবেশের চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করে।
বিজিবির টহলদলের অটল অবস্থানের মুখে ওই ব্যক্তিদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়। শেষ পর্যন্ত বিজিবি সদস্যদের দৃঢ় প্রতিরোধের মুখে বিএসএফ তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের সীমান্ত আইন লঙ্ঘন রোধে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।