রামগঞ্জ পৌরসভায় নতুন কর ছাড়াই ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট উপস্থাপন করা হয়। ঘোষিত বাজেটে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ৯৪১ টাকা।
বাজেটে মোট ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। সেই হিসেবে এ বছর ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত থাকবে বলে প্রাক্কলন করা হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।
পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বাজেট অধিবেশনটি অনুষ্ঠিত হয়। এতে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিএস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণার সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাসসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রাজু হোসেনসহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।