বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, সাংবাদিকসহ আহত ১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অদূরে নভোথিয়েটারের সামনে শনিবার রাত সাড়ে নয়টার দিকে গণিত বিভাগের একদল শিক্ষার্থীর সন্ত্রাসী হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাতের বিরুদ্ধে একটি অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশের জের ধরে। এই অভিযোগের বিষয়ে কথা বলার অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পরপরই সিফাতের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়।

সহপাঠীদের উদ্ধার করতে গিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের আটকে রেখে দীর্ঘক্ষণ মারধর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা লোকপ্রশাসন, কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইংরেজি, সিএসই ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও হামলার শিকার হন। এমনকি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীও এই সহিংসতায় আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে গণিত বিভাগের আরফান সিফাত ও মো. হাসান ছাড়াও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইমসহ আরও ৪০-৫০ জন জড়িত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের মধ্যে অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, আব্দুল কাদের ইমন, তানজিল, সিফাত, মারুফ ও আহনাফসহ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন জানিয়েছেন যে, তার বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর মেহেদী হাসান সোহাগ জানান, উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ আহ্বান করা হয়েছে এবং অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%