বিজয়নগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত চালক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় মীর সাইফুল ইসলাম সাদ নামে ২৪ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও প্রাইভেটকার চালক মো. তানিম আহম্মেদ গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেলে সংঘটিত এই দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার বাসিন্দা মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় সরাইল বিকেল বাজারে ‘সাইফুল গ্যালারি’ নামক একটি কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন। আহত চালক তানিম আহম্মেদ একই উপজেলার বগলাহাটি এলাকার সাইদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থেকে প্রাইভেটকারে সরাইলের দিকে যাওয়ার পথে মুকুন্দপুর এলাকায় গাড়িটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর আটকা পড়ে। ঠিক সেই মুহূর্তে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে এবং আরোহীরা মারাত্মকভাবে জখম হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম সাদকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত লেভেল ক্রসিংটিতে কোনো গেটম্যান না থাকায় নিয়মিত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত চিহ্নিতকরণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
