সংবিধান সংস্কারে গড়িমসি করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন গোলাম পরওয়ার

নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার দুপুরে আয়োজিত জেলা জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময়েও এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণ যে প্রত্যাশা নিয়ে সংবিধান পরিবর্তনের পক্ষে গণরায় দিয়েছিল, তার দ্রুত ও কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাংবিধানিক ও রাজনৈতিক যেকোনো জটিলতার সমাধান সংসদেই হওয়া উচিত। দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তিকে গুরুত্ব দিয়ে সংস্কারকাজ এগিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দাবি আদায়ের লক্ষ্যে সংসদে ব্যর্থ হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন জামায়াত নেতা। দীর্ঘ ১৮ বছর ধরে দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও হরতালের রাজনীতিতে জনগণ বীতশ্রদ্ধ, তাই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকেই প্রধান দায়িত্ব পালন করতে হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের ওপর বর্বরতা ও হত্যাকাণ্ডের ক্ষত এখনো টাটকা। হেলিকপ্টারে গুলি করে মানুষ হত্যা ও লাশ পুড়িয়ে ছাই করার মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করা এখন জাতির প্রত্যাশা। শেখ হাসিনা দেশে ফিরবেন কি না সেটি আইনি বিষয় হলেও, ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এ দেশের মাটিতে আর থাকবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আশ্রয় দিয়ে অনৈতিক সুবিধা দিচ্ছে। নরসিংদী জেলা জামায়াতের সংগঠক ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই রুকন সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%