কুড়িগ্রামে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ কৃষকের অধিকার আদায়ের নতুন যাত্রা

মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রাম জেলার সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিশাল কৃষক সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ-সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই আনুষ্ঠানিক সমাবেশের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন আহ্বায়ক সাঈদ উজ্জ্বল এবং সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।

বিজ্ঞাপন

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংগঠনের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মজিবুর রহমান খোকন ও রাকিবুল হাসান রানা এবং মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেন, দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হলো কৃষক, অথচ তারা আজও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, কৃষক যেন করুণার পাত্র না হয়ে রাষ্ট্রের নীতিনির্ধারক ও ক্ষমতার অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই তাদের সংগঠন কাজ করে যাবে। ভবিষ্যতে উৎপাদন উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের ওপর রাষ্ট্রীয়ভাবে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামের জন্য নেওয়া হয়নি। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চীন সফরের প্রসঙ্গ টেনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কড়া সমালোচনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান বক্তা ও কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, কৃষকরা এখনো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করতে বাধ্য হচ্ছেন এবং পণ্য বিক্রির সময় চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা দূর করে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় কৃষক শক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সভায় কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%