শরীয়তপুরে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪৩০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন ৪৩০ জন অসহায়, দুস্থ ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন গোসাইর হাটের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে মোট ৪৩০ জন রোগীকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের মধ্যে ১৩৬ জন পুরুষ, ২৩৪ জন নারী এবং ৬০ জন শিশু ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

মেডিকেল ক্যাম্পে আসা প্রবীণ নারী সামসুর নাহার বয়সের ভারে লাঠিতে ভর করে চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন। তার শারীরিক অবস্থা দেখে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা তাকে সহায়তা করে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। কোস্ট গার্ড সদস্যদের এমন মানবিক আচরণ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

বিজ্ঞাপন

বিসিজি স্টেশন গজারিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসব (এক্স), পিসিজিএম, বিএন বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড শুধু দেশের উপকূল ও নদীপথের নিরাপত্তা নিশ্চিত করেই দায়িত্ব পালন করে না, পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেও নিয়মিত কাজ করে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ কোস্ট গার্ড ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় ও নদীবেষ্টিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংস্থাটি নিয়মিতভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সম্পর্কিত- কোস্ট গার্ড
0%
0%
0%
0%