পাঁচ দফা দাবিতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নরসিংদী জেলা শহরের বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থী সম্মিলিতভাবে তাদের পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন। গত ১৪ জুলাই বিকেলে শিক্ষার্থীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের নিকট এই স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীদের প্রধান দাবিসমূহের মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা। এছাড়া পরবর্তী সব পরীক্ষা নির্ধারিত বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন ও গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি গত ১৩ জুলাই প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও পরিস্থিতির কারণে অধিকাংশ পরীক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। এর পাশাপাশি শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করে যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তার ব্যাখ্যা প্রদান এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিও স্মারকলিপিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তরের সময় শিক্ষার্থীরা তাদের এই ন্যায্য দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে দ্রুত বাস্তবায়নের জন্য জোর আহ্বান জানান। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
