সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলিবর্ষণ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে, যার ফলে চোরাকারবারিদের একটি বড় ধরনের চোরাচালান পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে তলুইগাছা বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৩ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ৫০ গজ দূরে চারাবাড়ি নামক স্থানে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক উপস্থিতি টের পায় টহল দলটি। বিজিবি সদস্যরা তাদের পরিচয় জানতে চাইলে এবং আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা অমান্য করে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
নিরাপত্তার স্বার্থে এবং চোরাকারবারিদের গতিরোধ করার উদ্দেশ্যে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা ঝোপঝাড়ের আড়ালে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর বিজিবি ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবি বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে। তলুইগাছাসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহলের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।