দেবীগঞ্জে প্রশ্নফাঁসের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মহাদেব রায় প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্বে ছিলেন এবং অভিযোগ রয়েছে যে, তিনি এক শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে পরীক্ষার আগেই প্রশ্নপত্রের ছবি পাঠিয়ে দিয়েছেন। বুধবার পরীক্ষা চলাকালীন বিতরণ করা মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া স্ক্রিনশটের হুবহু মিল পাওয়া গেলে বিষয়টি জনসমক্ষে আসে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক প্রশ্ন প্রণয়ন করে সিলগালা খামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জমা দেন। পরীক্ষা শুরুর পর সেই খাম খুলে প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ ক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী শিক্ষক হিসেবে মহাদেব রায়ের বিরুদ্ধেই প্রশ্ন ফাঁসের মূল দায়ভার বর্তাচ্ছে বলে মনে করছেন সচেতন অভিভাবক মহল। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিজ বাসায় প্রাইভেট পড়তে বাধ্য করা এবং প্রাইভেট না পড়লে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল।

ঘটনার সত্যতা সম্পর্কে জানতে অভিযুক্ত শিক্ষক মহাদেব রায়ের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক মোছা. রোকসানা বেগম বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, একজন শিক্ষক এমন কাজে জড়িত থাকলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা অসম্ভব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%