নড়াইলে টিকটকে মন্তব্য নিয়ে সংঘর্ষে আহত ১০

নড়াইলের সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রতডাঙ্গা মল্লিকপাড়ার বাসিন্দা আশরাফুল ও উত্তরপাড়ার মিজানের মধ্যে টিকটকে মন্তব্য করা নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা মুহূর্তেই হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এই ঘটনার জেরে মল্লিকপাড়া ও উত্তরপাড়ার বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%