AdvertisementAdvertisement

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মমো জুট মিলের সামনে গঙ্গাচড়া–বড়াইবাড়ী সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সাত বছর বয়সী শিশু বন্ধন চন্দ্র সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে দুর্ঘটনাস্থলেই তার বাবা প্রশান্ত চন্দ্র সরকার এবং হাসপাতালে নেওয়ার পথে দাদা নির্মল চন্দ্র সরকার নিহত হন।

নিহতদের বাড়ি গঙ্গাচড়া উপজেলার পশ্চিম মান্দ্রাইন গ্রামে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে দাদা নির্মল চন্দ্র সরকার তার ছেলে ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে আলমবিদিতর এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে সড়কের ওপর খড় শুকিয়ে রাখার কারণে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement
বিজ্ঞাপন

এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম দুলু জানান, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে খড় শুকানো ও বেপরোয়া যান চলাচল রোধে তিনি প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর ছবুর জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%