মাগুরার শ্রীপুরে আধিপত্যের জেরে ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট আটক ১

মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অন্তত ২০টি বসতবাড়িতে ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সকালে গ্রামটিতে আকস্মিক এ হামলা ও তাণ্ডবের ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাশালিয়া গ্রামের আব্দুর রশিদ ও আকবর মণ্ডলের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত সোমবার প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডলের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই প্রতিপক্ষের লোকজন আত্মগোপনে চলে যান।
শনিবার সকালে নিহত আকবর মণ্ডলের ছেলে হাসান আলীর নেতৃত্বে একদল লোক পরিকল্পিতভাবে আব্দুর রশিদের পক্ষের লোকজনের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর করা হয় এবং ঘর থেকে মূল্যবান মালামাল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
