তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে অনলাইনে হয়রানি, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে অশ্লীলভাবে প্রচার এবং মানহানিকর মন্তব্যের অভিযোগে মো. সারোয়ার হোসেন খান নামের এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সারোয়ার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে এবং তিনি গাজীপুরের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির একটি বিশেষ দল গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হলে শুক্রবার বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১৪ এপ্রিল তিনি মোহনগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি সাইবার সুরক্ষা সেলেও অভিযোগ করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, ভুয়া ফেসবুক আইডি খুলে তরুণীর ছবি ও ভিডিও এডিট করে তা অশ্লীলভাবে উপস্থাপন ও ছড়িয়ে দেওয়া হতো। এর ফলে ভুক্তভোগী ও তার পরিবারকে তীব্র মানসিক ভোগান্তি ও সামাজিকভাবে অপদস্থ হতে হয়েছে, যার জেরে এক পর্যায়ে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন।

দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্তের পর সিআইডি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীসহ স্থানীয় সচেতন মহল দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের সাইবার হয়রানির শিকার না হন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%