রাজবাড়ীতে কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলার অভিযোগে আবু হোসেন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ওই গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত আবু হোসেন স্থানীয় বাসিন্দা জব্বার মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় জীবনযাপন করছিলেন। ঘটনার দিন সকালে নেশার টাকার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ এবং জমিজমার গুরুত্বপূর্ণ দলিলাদি রান্নার চুলায় ফেলে পুড়িয়ে ফেলেন। এ সময় তিনি তার অসুস্থ মায়ের ওপর শারীরিক নির্যাতনও চালান।

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে ভিড় করেন। খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বিকেল নাগাদ অভিযুক্ত আবু হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%