ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেসে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গত ৭ জুন দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার তদারকিতে এই অভিযান পরিচালিত হয়। ট্রেনের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর আসনের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ দেখে দায়িত্বরত পুলিশের সন্দেহ হয়। পরে ব্যাগটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেটে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে সাতটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বর্তমানে তারেক রহমান যে মাদকমুক্ত দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং উদ্ধারকৃত মাদকের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রেলওয়ে পুলিশ আরও জানিয়েছে, রেলপথে মাদক ও চোরাচালান রোধে তাদের বিশেষ নজরদারি এবং নিয়মিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মাদক পাচারের নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করাই এখন পুলিশের মূল লক্ষ্য।