মানসম্মত শিক্ষা নিশ্চিত ও পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শিক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে কোনো প্রকার নকল পরিলক্ষিত হলে এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধান বা সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকেই নিতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, প্রতিটি শিক্ষককে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ ও দায়িত্ববোধ থেকে শিক্ষা প্রদান করতে হবে। যেসব শিক্ষক নিজের প্রতিষ্ঠানে সন্তানের মতো শিক্ষার্থীদের গুরুত্ব দেন না, তাদের শিক্ষকতার মহান পেশায় থাকার কোনো নৈতিক অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন। সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম।
মতবিনিময় সভায় শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট তিন বোর্ডের অধীন মোট ৩৭৬টি কেন্দ্রের কেন্দ্র সচিবরা অংশগ্রহণ করেন। শিক্ষার মানোন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণ পদ্ধতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
