খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির পর ইউপিডিএফ সংগঠক আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনং পাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের উপজেলা সংগঠক সুজেন্দ্র চাকমা ওরফে ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে দুর্গম পাহাড়ি এ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংঘর্ষের এক পর্যায়ে ঝিমিত চাকমার হাতে গুলি লাগে এবং তিনি আহত হন। দায়িত্বরত সেনাসদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহত অবস্থায় তাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ঝিমিত চাকমার বিরুদ্ধে হত্যাসহ মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ ঘটনায় নতুন করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

0%
0%
0%
0%