২৮ জুন বাবুগঞ্জে ২০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একযোগে উদযাপিত হবে। এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১৪৫টি নির্ধারিত কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, এবারের ক্যাম্পেইনে বাবুগঞ্জে ২০ হাজার ৫০৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ২ হাজার ৩৮৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ১৮ হাজার ১১৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসূচিটি সফল করতে জনসচেতনতামূলক ব্যাপক প্রচার কার্যক্রমও চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে এই উপজেলার মোট জনসংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৫৫৮ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, অনেক শিশু এখনও ভিটামিন ‘এ’-এর ঘাটতিতে ভুগছে, যা তাদের রাতকানা বা জেরোফথ্যালমিয়ার মতো শারীরিক জটিলতার ঝুঁকিতে ফেলে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, নির্ধারিত বয়সী প্রতিটি শিশু যেন এই ক্যাম্পেইনের আওতায় আসে, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এবং শতভাগ সফলতার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্টরা মাঠপর্যায়ে কাজ করছেন।
