স্বাস্থ্যসেবা খাতে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান সংসদ সদস্য সান্টুর

বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, সরকারি সেবা প্রতিষ্ঠানে সব শ্রেণি-পেশার মানুষ আসেন, তাই সরকারের নির্দেশনা মেনে জনগণের সেবাই হোক সরকারি কর্মচারীদের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক জেনারেটর উদ্বোধন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করা যাবে না। পাশাপাশি অন্যায্য তদবির বা অবৈধ সুবিধা প্রদান থেকে বিরত থাকতে কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব। এর আগে সংসদ সদস্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেলের চারা প্রদান করেন।
আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রসঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উজিরপুরে মোট ১২৭টি কেন্দ্রে ২৮ হাজার ৮০০ জনেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিটি সফল করার লক্ষ্যে সকল অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছে স্বাস্থ্য বিভাগ।
