মাটিরাঙ্গায় নারিকেল গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় বাড়ির আঙিনায় শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত স্বপ্না সাহা মাটিরাঙা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বিকেলে বাড়ির আঙিনায় আমসত্ত্ব শুকাচ্ছিলেন স্বপ্না সাহা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি শুকনো নারিকেল গাছ তার ওপর আছড়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার আকস্মিকতায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
