ইউএস নিউজ র্যাঙ্কিংয়ে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গত ১৬ জুন প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই বিশ্ব তালিকায় ১০০ স্কোরের মধ্যে ৪৫.৫ স্কোর অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৬১২তম এবং এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম স্থান দখল করেছে। গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়ের এই ধারাবাহিক অগ্রগতি উচ্চশিক্ষার মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে।
তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৪৪.২ স্কোর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক পর্যায়ে ৬৭৩তম এবং এশীয় অঞ্চলে ২০৩তম অবস্থানে রয়েছে। অথচ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৯.৫ স্কোর নিয়ে দেশের তালিকার শীর্ষে ছিল। এবারের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান গত বছরের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে গেছে।
দেশীয় তালিকার তৃতীয় থেকে অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া খুলনা ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় স্থান পেলেও তাদের কোনো র্যাঙ্কিং প্রদান করা হয়নি।
উল্লেখ্য, বিশ্বের ১০৫টি দেশের দুই হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ১৩টি সূচকের ভিত্তিতে এই মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে। অ্যাকাডেমিক গবেষণা, কর্মক্ষমতা এবং বৈশ্বিক ও আঞ্চলিক খ্যাতির ওপর ভিত্তি করে এই প্রভাবশালী র্যাঙ্কিংটি তৈরি করে ইউএস নিউজ। এবারের বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
