AdvertisementAdvertisement

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চারু মামার ক্যান্টিনের সামনে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ৩২ বছর বয়সী নিহত রাকিবুল নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটা এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির অভিযোগে রাকিবুলকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। এরপর তাকে একটি স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%