কুতুবদিয়ায় জুমার নামাজে ইমামতি করলেন ইউএনও মিজানুর রহমান

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্থানীয় মুসুল্লিদের নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি মসজিদে জুমার নামাজে খুতবা প্রদান এবং ইমামতির দায়িত্ব পালন করেন তিনি।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, নবাগত এই নির্বাহী কর্মকর্তা জুমার নামাজের খুতবায় অত্যন্ত যুগোপযোগী ও দিকনির্দেশনামূলক বয়ান পেশ করেছেন। তার সাবলীল আলোচনা উপস্থিত মুসুল্লিদের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি করে এবং তারা অত্যন্ত মনোযোগ সহকারে তা শ্রবণ করেন। খুতবা শেষে তার ইমামতিতেই স্থানীয়রা জুমার নামাজ আদায় সম্পন্ন করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলার মির্জাপুরের বাসিন্দা মো. মিজানুর রহমান গত মাসে কুতুবদিয়ায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন ইতিবাচক উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের মাঝে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে গত ঈদুল আজহায় মসজিদভিত্তিক ঈদের জামাত প্রথার পরিবর্তে একাধিক মসজিদের মুসুল্লিদের একত্রিত করে ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নিয়ে তিনি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।
