চাটখিলে পুকুরে সেচ পাম্পের বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে পুকুরে পানি সেচের মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মুনছুর মেম্বারের বাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ ও তাদের আট বছর বয়সী সন্তান রাহুল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র ঘোষসহ কয়েকজন মালিকানাধীন পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচ করা হচ্ছিল। ঘটনার সময় শিশু রাহুল অসাবধানতাবশত মোটরের বিদ্যুৎবাহী তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের অবহেলা চিহ্নিত করে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
