AdvertisementAdvertisement

শেরপুরে ৩৩ টন সরকারি খাদ্যবান্ধব চাল জব্দ, আটক এক

শেরপুর জেলা শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকায় একটি চাল প্রক্রিয়াজাতকরণ মিলে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে ‘জেরিন রাইস প্রসেসিং’ নামক ওই মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

অভিযানে মিলটি থেকে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জব্দ করা এই চালের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। অভিযানের সময় মিলের মালিক শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো কৌশলে ৫০ কেজির বস্তা থেকে সরিয়ে ছোট ৩০ কেজির বস্তায় ভরা হচ্ছিল। নতুন করে বাজারজাত করার উদ্দেশ্যে এসব বস্তায় ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ করে সিল মারা হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনো সদুত্তর দিতে না পারায় মিলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আটক বোরহান উদ্দিনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%