গৌরীপুরে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিদ্যুৎ অফিসের বেসরকারি কর্মী মাসুদ করিম বাবুর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের বিচার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার বিকেলে ‘গৌরীপুরবাসী’র ব্যানারে স্থানীয়রা পৌর শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষুব্ধ জনতা গৌরীপুর থানা, বিদ্যুৎ অফিস এবং উপজেলা পরিষদ ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান। এ সময় বিদ্যুৎ অফিসে কিছু বিক্ষিপ্ত ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

নিহত মাসুদ করিম বাবু গৌরীপুর পৌর শহরের পূর্ব ভালুকা গ্রামের মৃত আব্দুস সালামের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে ১১ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে ওঠেন বাবু। দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ফিডার শাটডাউন নিশ্চিত করার কথা বলে বাবুকে খুঁটিতে পাঠালেও বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল না। তাদের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। গাফিলতির কারণে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় বাবুর স্ত্রী ও ১৮ মাস বয়সী শিশুসন্তানসহ পুরো পরিবার এখন দিশেহারা অবস্থায় রয়েছে।

বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপ-সহকারী প্রকৌশলী মারুফের নির্দেশে শাটডাউন দেওয়ার কথা স্বীকার করলেও, লাইনম্যান বাবুর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে মুখ খুলতে নারাজ বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মীরা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিক্ষোভকারীরা থানায় এসে প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এদিকে এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%